করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জে এক নারীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জের হরিরামপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম সুচিত্রা সরকার। সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালে উপ-পরিচালক এস এম মনিরুজ্জামান বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। নিহত সুচিত্রা সরকার ৭ দিন ধরে জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং দু’দিন ধরে পাতলা পায়খানা হচ্ছিল।

তিনি বলেন, ৭ দিন আগে ওই নারীর শ্বশুর মারা যান। তার শেষকৃত্য অনুষ্ঠানে অনেক লোক সমাগম হয়েছিল। সেইখানে আসা কোন ব্যক্তির কাছ থেকে তিনি আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হযেছে। দ্রততম সময়ের মধ্যে তা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।

পূর্ববর্তি সংবাদকরোনাভাইরাস: জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রীর ৪ বার্তা
পরবর্তি সংবাদকরোনায় হারামাইনে নামাযের ইমামতির নিয়মে সাময়িক পরিবর্তন