ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি এক যুবকের স্যাম্পল তিনদিনেও সংগ্রহ না করার অভিযোগ পাওয়া গেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকেরা। খবর বাংলা ট্রিবিউনের।
জানা গেছে, কোভিড-১৯ রোগের লক্ষণ নিয়ে গত বৃহস্পতিবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন মেহেদী হাসান নামের ওই যুবক।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সর্দি-ঠাণ্ডা, হাঁচি-কাশি, জ্বর, গলা ব্যথ্যা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হাসপাতালে ভর্তি হন মেহেদী। ভর্তি হওয়ার পর তার স্যাম্পল নেয়ার জন্য ঢাকায় অবস্থিত জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে(আইইডিসিআর) দুই দফা চিঠি লেখা হয়েছে। কিন্তু তিনদিন পেরিয়ে গেলেও তার স্যাম্পল নেওয়া হয়নি।
ডা. রফিকুল ইসলাম আরও জানান, সম্প্রতি এ হাসপাতালে ১০ বেডের একটি আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। এ ইউনিটে একমাত্র রোগী হলেন মেহেদী হাসান। তার প্রয়োজনীয় পরিচর্যা ও ঔষধ সরবরাহ করা হলেও স্যাম্পল সংগ্রহের এখতিয়ার এ হাসপাতালের কারো নেই। একমাত্র আইইডিসিআর কর্তৃপক্ষ এ স্যাম্পল সংগ্রহ করবে।
















