ইসলাম টাইমস ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার রাতে সীমান্তবর্তী এলাকা ডাংধরা ইউনিয়নের পাথরেরচর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পাশের দোকানে কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ মাসুদ জানান, স্থানীয় লোকজন পাথরেরচর বিজিবির সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়। এ সময় আগুন নেভাতে গিয়ে প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
















