শুরু হয়ে গেছে শাবান, রমযানের প্রস্তুতির সময় এখনই

ইসলাম টাইমস ডেস্ক: করোনার ডমাডোলে আমাদের থেকে কখন রজব মাস বিদায় নিয়েছে টেরও পাওয়া যায়নি। এখন শুরু হয়েছে শাবান মাস।   শাবান মাসের আজ ৫ তারিখ।  শাবানকে বলা হয় রমযানের প্রস্তুতির মাস।

শাবান মাস রমযানের প্রস্তুতির দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ ছিল রজব । শাবানে  রমযানের  প্রস্তুতির একটি দিক হল, এ মাসে বেশী বেশী রোযা রাখা।  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা্মের আমল সম্পর্কে আয়েশা (রা.) বলেছেন-.

وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ.

“আমি তাঁকে শাবান মাসের মত এত রোযা অন্য কোনো মাসে রাখতে দেখিনি”
অর্থাৎ নফল রোযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো সারা বছরই রাখতেন তবে শা’বান মাসে সবচাইতে বেশি রাখতেন। .

আয়েশা (রা.) থেকে আরেক রেওয়ায়েতে আছে-.
كانَ يَصُومُ شَعْبَانَ إلَّا قَلِيلًا.

“তিনি শাবান মাসের কিছু বাদে বাকি মাস রোযা রাখতেন।”

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শাবান মাসে এত অধিক রোযা রাখতে দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, “হে রাসূলাল্লাহ, আপনি শাবান মাসে যেভাবে রোযা রাখেন সেভাবে তো  অন্য কোনো মাসে রোযা রাখতে দেখা যায় না।

জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বললেন-

ذلِكَ شَهْرٌ يَغفُلُ النَّاسُ عنهُ بينَ رجبٍ ورمضانَ ، وَهوَ شَهْرٌ تُرفَعُ فيهِ الأعمالُ إلى ربِّ العالمينَ ، فأحبُّ أن يُرفَعَ عمَلي وأَنا صائمٌ.
এটা রজব ও রমযানের মধ্যকার ঐমাস যে মাস সম্পর্কে মানুষ উদাসীন থাকে। এটা এমন মাস, যে মাসে রব্বুল আলামীনের কাছে বান্দার আমল উত্থিত হয়। আমি এটা ভালোবাসি যে রোযাদার অবস্থায় আমার আমল উত্থিত হোক।

রমযানের জন্য আরও অনেক ধরনের প্রস্তুতি আমরা নিতে পারি। তবে বর্তমান অবস্থায় রমাযানের সবচেয়ে সহজ প্রস্তুতি হল রোযা রাখা। এমনিতেই তো সারাদিন ঘরে আবদ্ধ থাকছি। কোনো দৌড়ঝাঁপ নেই। কষ্ট নেই । ঘরে বসে বসে লক ডাউনের  বাকী দিনগুলো রোযা খুবই সম্ভব। গণমাধ্যমে লক ডাউনের সময় সীমা বাড়ার সম্ভাবনাও শোনা যাচ্ছে। সে হিসাবে আমরা লক ডাউনের বাকী দিনগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে পারি।

 

পূর্ববর্তি সংবাদসাধারণ ছুটি আরও বাড়তে পারে
পরবর্তি সংবাদবন্ধ থাকবে এবার নববর্ষের অনুষ্ঠান: প্রধানমন্ত্রী