ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস সংকট থেকে রক্ষা পেতে একটি জাতীয় কমিটি গঠন করা উচিত। বিএনপি সরকারের সমালোচনা করছেন না জানিয়ে তিনি বলেন তাঁরা সরকারকে সাহায্য করতে চেয়েছেন এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ দুপুরে ঢাকার উত্তরার বাসায় কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এসব কথা বলেন।
জাতীয় কমিটি গঠনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন পর্যন্ত একটা জাতীয় কমিটি তৈরি হয়নি, যেটা করা উচিত ছিল বলে আমি মনে করি। তিনি বলেন, আমরা মনে করি যে এখনো সময় আছে জাতীয় কমিটি করা দরকার, এটা গঠন করা উচিত।’
কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, এগুলো নিয়ে একসঙ্গে বসে মিটিং করতে হবে, তা বলছি না। ঘোষণা করে আপনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেই এটা করতে পারেন। তখন সকলের মধ্যে একটা ধারণা আসবে—উই আর ওয়ান, আমরা এক।’
বিএনপি মহাসচিব আরো বলেন, ‘হাসপাতালগুলোয় ডাক্তার পাওয়া যাচ্ছে না। আছে যে, একজন অ্যাপেন্ডিসাইটিসের রোগী আটটা হাসপাতালে ঘুরে আল্ট্রাসনোগ্রাম করতে পারছে না। আমরা যে কারণে বারবার বলেছি, বিষয়টাকে পুরোপুরি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে এই জাতিকে রক্ষায় এগিয়ে আসতে হবে।’
















