ইসলাম টাইমস ডেস্ক: ভিসানীতি লঙ্ঘনকারীসহ (অবৈধ) সবার যথাযথ চিকিৎসা দেয়ার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
বাদশাহ সালমানের নির্দেশনা অনুসারে করোনার উপসর্গ দেখা দিলেই সবাইকে হাসপাতালে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এ নির্দেশনায় ভিসানীতি লঙ্ঘনকারী অর্থাৎ যারা দেশটিতে অবৈধ তারাও অন্তর্ভুক্ত হবেন। খবর আল-আরাবিয়া ও আরব নিউজের।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাসটির বিস্তার থেকে রক্ষা পেতে সরকার কর্তৃক জারি করা করোনাভাইরাস সাবধানতা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
এছাড়া স্বাস্থ্য নির্দেশিকা যেমন- হাতধোয়া এবং করমর্দন না করা এবং শ্বাসতন্ত্রের অসুস্থতার লক্ষণগুলো দেখা দেয়ার সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বন্ধ করার ওপর জোর দিয়েছে।
জাতীয় দুর্যোগের এ সময়ে জনগণকে অবশ্যই আইসোলেশন এবং কোয়ারেন্টিনের নির্দেশাবলী মেনে চলতে বলা হয়েছে।
















