ইসলাম টাইমস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন এমন সন্দেহভাজনদের পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে। সেখানকার চিকিৎসকেরা রোগীর সঙ্গে কথা বলবেন এবং লক্ষণ বিচার করবেন। চিকিৎসকেরা যদি সন্দেহ হয় ব্যক্তি করোনায় আক্রান্ত তাহলেই কেবল তাকে পরীক্ষা করবেন। রোগীর নমুনা সংগ্রহের পর চার ঘণ্টার মধ্যে ফল জানানো হবে। অর্থাৎ দিনে দিনেই ব্যক্তি জানতে পারবেন তিনি করোনায় আক্রান্ত কি না।
কাল সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এখানে রোগীদের পরীক্ষা করা হবে। রোগীরা বিনা মূল্যে পরীক্ষা করাতে পারবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম রাশেদ উল ইসলাম জানান, করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে আসা ব্যক্তির নমুনা সংগ্রহের পর চার ঘণ্টার মধ্যে জানা যাবে, নমুনা নেওয়া ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না।
আজ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা শুরু হবে। এই প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে করোনা ভাইরাস শনাক্তকরণের ল্যাবরেটরি।
বিএসএমএমইউ এর উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, ‘যারা সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত তাদের চিকিৎসার জন্য আমরা ফিভার ক্লিনিক নামে আলাদা বিভাগ চালু করেছি। যে কেউ আমাদের হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারবেন। আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের মধ্যে যাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হবে, তাদের পরীক্ষা করা হবে।’
















