ইসলাম টাইমস ডেস্ক: হবিগঞ্জের হাওর অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে নেই সচেতনতা। অবাধে হাট-বাজারে চলাচলের পাশাপাশি গণজমায়েত ও মাঠে খেলছে ফুটবল। প্রশাসন গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে সরকার একযোগে দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে।
হবিগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ব্যাটারি চালিত টমটম পরিবহনে পাশাপাশি একাধিক যাত্রীদের বসিয়ে নিয়ে চলাচল করছেন। এদিকে বুধবার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা পুলিশ ফাঁড়ির প্রায় ৩শ গজ দুরে একটি ফুটবল মাঠে খেলা চলছিল। ওই খেলা দেখার জন্য শত শত দর্শকরা ভিড় জমান। তাদের অনেকেরই মুখে মাস্ক ছিলো না। এ সময় তাদের সাথে কথা বললে তারা জানান, এটি গ্রাম অঞ্চল, এখানে করোনাভাইরাসের প্রভাব পড়বে না।
এছাড়াও এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর ও কৃষিজীবী। বাজারে মাস্কের মূল্য বেশি থাকায় ক্রয় করতে পারছেন না তারা। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ছত্রভঙ্গ করে দেয়। এ ব্যাপারে শিবপাশা ফাঁড়ির ইনচার্জ আশরাফ আহমেদ জানান, আমরা সচেতনতা বৃদ্ধি করার প্রতিদিন প্রচারণা করছি। কিন্তু গ্রাম অঞ্চলের লোকজন সচেতন হচ্ছে না।
















