ইসলাম টাইমস ডেস্ক: করোনা প্রাদুর্ভাবের কারনে সমাজের স্বল্প আয়ের মানুষদের সহায়তায় এগিয়ে আসা সংগঠন ও ব্যক্তিদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন মাওলানা মামুনুল হক।
আজ (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।
অসহায় ও অস্বচ্ছল মানুষের সহযোগিতায় এগিয়ে আসা সংগঠন ও ব্যক্তিদের প্রশংসা করে মাওলানা মামুনুল হক বলেন, ‘ আমরা যেন ভুলে না যাই -যে ভাইরাস থেকে বাঁচার উদ্দেশ্যে লকডাউন-অচলাবস্থার সৃষ্টি, ত্রাণ কিংবা সাহায্যের নামে যেন সেই শারিরীক নৈকট্য তৈরির পরিবেশ সৃষ্টি না হয়’।
তিনি আরো বলেন,মুখে মাস্ক আর হাতে গ্লাভ্স পরলেই সংক্রমণের আশংকা কেটে যায় না, বরং একে অপর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা জরূরী।
এছাড়াও নিজেদের কর্মী বা ছাত্রদের নিরাপত্তার প্রতি সজাগ দৃষ্টি রাখা দায়িত্বশীলদের প্রথম দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যদ্রব্য কিংবা ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করতে না পারলে বিভিন্ন নির্ভরযোগ্য মারফতে নগদ অর্থ পাঠিয়ে দেয়া যেতে পারে । কারণ অভাবী মানুষেরা ত্রাণের সংবাদ পেলে ভেঙ্গে পড়বেই । তখন আর শৃঙ্খলা কিংবা দূরত্ব রক্ষা করা সম্ভব হয় না ।
অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান তিনি ।
















