ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) ডা. হাবিবুর রহমান।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোনও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ছয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) ডা. হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন, সিএমএসডি (সেন্ট্রাল মেডিসিন স্টোরেজ ডিপো) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।
ডা. হাবিবুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করলে দুই জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা দুই জনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে। তবে কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে অনুসন্ধান চলছে।’
















