সাধারণ ছুটিকালীন সময়ে জরুরি সেবার আওতায় সংবাদপত্র-জ্বালানি

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে এবং এর বিস্তাররোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে সংশোধনী এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সংশোধনীতে বলেছে, সাধারণ ছুটিকালীন ‘জ্বালানি’ ও ‘সংবাদপত্র’ জরুরি পরিষেবার আওতায় থাকবে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বিভিন্ন স্থানে জ্বালানি ও সংবাদপত্র তথা গণমাধ্যমের কর্মীরা বাধাপ্রাপ্ত হচ্ছেন বলে প্রজ্ঞাপনে এটি পরিষ্কার করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা (ছুটি) প্রযোজ্য হবে না। ‘কৃষিপণ্য, সার, কীটনাশক, (সংশোধিত প্রজ্ঞাপনে জ্বালানি ও সংবাদপত্র অন্তর্ভুক্ত করা হয়) খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জমাদি, জরুরি নিত্য-প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে।

পূর্ববর্তি সংবাদনেতানিয়াহুর উপদেষ্টার পর এবার করোনায় আক্রান্ত হলেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ও তার স্ত্রী
পরবর্তি সংবাদকরোনা: এখন মদীনায় যে চিত্র