ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কার সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ সমাহিত করার নিয়মে পরিবর্তন এনেছে। গোসল ও জানাজা ছাড়াই মরদেহ সমাহিত করার ওই নিয়ম নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে সেখানকার মুসলিম ধর্মাবলম্বীরা।
শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় প্রথার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।
শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ১৫১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে চার জন। মৃতদের মধ্যে দুই জন ইসলাম ধর্মাবলম্বী। করোনায় আক্রান্ত হয়ে মৃতদের সমাহিত করা নিয়ে গত মঙ্গলবার নতুন নিয়ম প্রকাশ করে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, আক্রান্ত হয়ে মারা যাওয়াদের দেহ না ধুইয়ে সরাসরি একটি ব্যাগে সিল করে কফিনে পুরে সমাহিত করে হবে।
সংখ্যালঘু মুসলমানদের অধিকারের প্রতি সম্মান দেখাতে শ্রীলঙ্কা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দক্ষিণ এশিয়া পরিচালক বিরাজ পাটনায়েক এক বিবৃতিতে বলেছেন, ‘এই কঠিন সমযে কর্তৃপক্ষের উচিত সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা তাদের মধ্যকার বিভাজন প্রসারিত করা নয়’। তিনি বলেন, ‘কোভিড-১৯ এ মারা যাওয়া ব্যক্তিদের শোকগ্রস্থ স্বজনদের ইচ্ছা অনুযায়ী শেষকৃত্য করতে দেওয়া উচিত। বিশেষ করে এই শেষকৃত্য যখন আন্তর্জাতিক নীতিমালায় অনুমোদিত’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালায় বলা হয়েছে, কোভিড-১৯ এক আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন বা সমাহিত দুটোই করা যাবে। যুক্তরাজ্যসহ ইউরোপের বেশিরভাগ দেশেই এই নীতিমালা অনুসরণ করা হচ্ছে।
















