করোনার প্রভাবে প্রবাসী আয় কমে গেছে ১২ শতাংশ

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কমে গেছে প্রবাসী আয়। গত মার্চ মাসে প্রবাসী আয় কমেছে প্রায় ১২ শতাংশ। এই আয় সামনে আরও কমবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মার্চে আয় এসেছে ১২৮ কোটি ৬৮ লাখ ডলার। গত বছরের মার্চ মাসে এসেছিল ১৪৫ কোটি ৮৬ লাখ ডলার। আয় কমেছে ১১ দশমিক ৭৮ শতাংশ। গত ফেব্রুয়ারিতেও ১৪৫ কোটি ডলারের আয় এসেছিল। আর দেশে গত ডিসেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ডলার, যা জানুয়ারিতে ৫ কোটি ডলার কমে নেমে যায় ১৬৪ কোটি ডলারে।

জানা গেছে, যেসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় আসে, সেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রেমিট্যান্স হাউস ও ব্যাংকগুলো বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশি শ্রমিকেরাও পড়েছেন বিপদের মুখে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এ নিয়ে বলেন, করোনার কারণে অনেকে দেশে চাকরির চাহিদা কমে যাবে; যা বাংলাদেশের বিদেশি শ্রমবাজারে আরও বড় আঘাত হানবে। ফলে প্রবাসী আয়ে বড় ধাক্কা আসবেই। এটা সামাল দেওয়া যাবে না। আহসান এইচ মনসুর মনে করেন, করোনার কারণে দেশের অর্থনীতিতে যে ধাক্কা আসবে, তার জন্য সরকারের দিক থেকে বড় ধরনের হস্তক্ষেপ লাগবে। বাজেটে সহায়তা লাগবে, কেন্দ্রীয় ব্যাংককেও বড় ভূমিকা নিতে হবে।

পূর্ববর্তি সংবাদকরোনা নিয়ে একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদচাঁদপুরে করোনায় মৃতদের দাফনে আগ্রহী ১১ স্বেচ্ছাসেবী