নারায়ণগঞ্জে নারীর মৃত্যু, রসুলবাগ এলাকা লক ডাউন

ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একটি এলাকা লকডাউন করেছে প্রশাসন।

গত ৩১ মার্চ বন্দরের ২৩ নং ওয়ার্ডের রসূলবাগ এলাকার বাসিন্দা ওই নারী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই নারীর মৃত্যুর পর তার রক্তের নমুনা সংগ্রহ করলে রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া যায়। এর আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল।

করোনা সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কুর্মিটোলায় প্রেরণ করে। পরে সেখানে তিনি মারা গেলে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই রিপোর্টটি পজেটিভ আসে।

এদিকে মারা যাওয়ার পর ওই নারীকে ওই দিনই (৩১ মার্চ) তার নিজ বাড়ি বন্দরের রসূলবাগে নিয়ে আসা হয় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় দাফন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে রিপোর্ট পজেটিভ হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৩ নং ওয়ার্ডের রসূলবাগ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন ঘোষণাকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকার, নারায়ণগঞ্জ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, আইইডিসিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও শুল্কা সরকার বলেন, ২৩ নং ওয়ার্ডের রসূলবাগে ৫০ বছর বয়সী এক নারী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ৩১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে করোনাভাইরাস সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। বৃহস্পতিবার তার রিপোর্টে পজেটিভ আসে। ফলে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে এবং স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশনা অনুযায়ী রসূলবাগ এলাকাকে লকডাউন করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘আসহাবে কাহাফের’ কুকুর কি জান্নাতে যাবে?
পরবর্তি সংবাদবাঙালী সংস্কৃতি : শেকড়ে ফেরা, না শেকড় থেকে বিচ্ছিন্ন হওয়া?