শবে বরাতে বাসায় বসে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইফা

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে শবে বরাত। এ বছরের শবে বরাতের ইবাদত মসজিদে না এসে নিজ নিজ বাসস্থানে বসে পালন করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

করোনা ভাইরাস পরিস্থিতিতে সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা মানার আহবান জানানো হয়েছে।

আগামী বৃহস্পতিবার রাতে দেশে শবে বরাত পালিত হবে। এ রাতে মানুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়, ওয়াজে অংশ নেয়া, নফল নামাজ আদায়, দোয়ায় অংশ নেয়া, কবর জিয়ারতসহ বিভিন্ন ইবাদাত করেন। বায়তুল মোকাররমেও ওয়াজ ও রাতব্যাপী ইবাদাত ও দোয়ার আয়োজন করে আসছে।

ইফা মহাপরিচালক আনিস মাহমুদ শনিবার এক বিজ্ঞপ্তিতে বলেন, এই সঙ্কটকালীন পরিস্থিতিতে দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত করোনা ভাইরাস সম্পর্কিত দিক নির্দেশনামূলক বক্তব্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত নির্দেশনা মান্য করে ৯ এপ্রিল শবে বরাতের ইবাদত সকলকে নিজ নিজ বাসস্থানে আদায় করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদবেসরকারি হাসপাতাল চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদআলজেরিয়ায় গণহত্যা চালানো ফ্রান্স: যে দেশটি এখনো টিকে আছে আফ্রিকাকে শোষণ করে