করোনায় স্বস্তি: আড়াই লক্ষাধিক মানুষ সম্পূর্ণ সুস্থ হয়েছেন

ইসলাম টাইমস ডেস্ক: প্রতিদিন প্রতি মুহূর্তে মৃত্যুর খবর শুনতে শুনতে মানুষ ভীষণ আহত। সবাই উৎকর্ণ হয়ে আছে একটু স্বস্তির খবর শুনতে। তুরস্কের আনাদুলু এজেন্সি জানিয়েছে সেই স্বস্তির খবরটি।  বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আড়াই লক্ষাধিক মানুষ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, আরোগ্যদের সংখ্যায় চীনা নাগরিকরা সবচেয়ে বেশি। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে দেশটির ৭৭ হাজারেরও বেশি মানুষ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। চীনের পর আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হওয়ার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। ইউরোপের এ দেশটির ৩৮ হাজারেরও বেশি মানুষ করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া জার্মানির ২৬ হাজার, ইতালির ২০ হাজার, ইরানের পৌনে ২০ হাজার, ফ্রান্সের সাড়ে ১৫ হাজার, যুক্তরাষ্ট্রের ১৫ হাজার আক্রান্ত মানুষ করোনাভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ কোরিয়ার প্রায় সাড়ে ৬ হাজার আক্রান্ত মানুষ, সুইজারল্যান্ডের ৬ হাজার আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এছাড়া মালয়েশিয়ার ১ হাজার ৫ জন, যুক্তরাজ্যের ২১৫ জন ও তুরস্কের ৭৮৬ জন আক্রান্ত ইতিমধ্যে করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

পূর্ববর্তি সংবাদজরুরি সার্ভিস ছাড়া ঢাকায় প্রবেশ ও বের হওয়া বন্ধ
পরবর্তি সংবাদময়মনসিংহ জুড়ে ত্রাণ বিতরণ শুরু করলো ইত্তেফাকুল উলামা