ইসলাম টাইমস ডেস্ক: ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা এক ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের সরকারি আড়াই টন (২৫০০ কেজি) চাল জব্দ করা হয়েছে।
রবিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগড়বাড়ি গ্রামের ৮ নং ইউপি সদস্য জেলা মেম্বর ফোরামের সভাপতি মনির হোসেনের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান জানান, গোপন সংবাদে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ত্রাণের সরকারি ২৫০০ কেজি চাল উদ্ধার হয়। চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিলো। তবে ত্রাণের সরকারি বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। সরকারি এ চালের আনুমানিক মূল্য এক লাখ টাকা। চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেন না। তাকে মুঠোফোনে বারবার খবর দিলেও তিনি আসেননি বলেও জানান এনডিসি আহমেদ হাসান।
















