বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার শংকা : বাহুল্য খরচ কমানোর কথা ভাবতে হবে

ইসলাম টাইমস ডেস্ক:  করোনাভাইরাসের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশংকা করছেন বিশেষজ্ঞগণ। মন্দার সময় মানুষ চাকরি হারায়, আয় কমে যায়। ২০০৭ ও ২০০৮ সালে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা হয়েছিল, তাতে বহু প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছিল। মন্দার সময় পরিবারকে আর্থিকভাবে সুরক্ষায় রাখতে তাই এখন থেকেই সচেতন হতে হবে।

এবার বিশ্বে অর্থনৈতিক মন্দার যাত্রা শুরু হয়েছে বিশ্বব্যাপী উড়োজাহাজ চলাচল বন্ধ, হোটেল পর্যটকশূন্য হয়ে যাওয়া, বিপণিবিতান ক্রেতাহীন হয়ে যাওয়া এবং কারখানা বন্ধের মধ্য দিয়ে। সব মিলিয়ে চাহিদায় ধস। আক্রান্ত মোটামুটি সব দেশ।

বাংলাদেশের রপ্তানি খাত ক্রয়াদেশ বাতিলের মুখে পড়েছে। অভ্যন্তরীণ বাজারে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত নিত্যপণ্য ও ওষুধ ছাড়া অন্যান্য পণ্যের তেমন কোনো ক্রেতা থাকবে না। ১০ এপ্রিল সবকিছু খুলবে কি না, সেটাও এখনই  বলা যাচ্ছে না।

সব মিলিয়ে ব্যবসা বড় ধরনের সংকট। এতে বিপাকে বেসরকারি খাতের শ্রমিক–চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, হকার, রিকশা–অটোরিকশাচালক ও শ্রমজীবী মানুষেরা। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যেহেতু এখন ভালো আয় করতে পারবে না, সেহেতু বেতন বিলম্বে হতে পারে। কেউ কেউ বিনা বেতনে বাধ্যতামূলক ছুটির মুখেও পড়তে পারেন। কেউ কেউ চাকরি হারাতে পারেন। কোনো কোনো প্রতিষ্ঠান বন্ধও হয়ে যেতে পারে।

আয় বাড়ানো আমাদের সাধ্যের ভেতরে নয়। তাই  খরচ কমানো যায় কীভাবে সেটা ভাবতে হবে। মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে  অভিজ্ঞতায় দেখা যায়, সংসারে যিনি রোজগার করেন, তিনিই নিজের স্বাচ্ছন্দ্য কমিয়ে জীবনযাত্রার ব্যয় কমিয়ে ফেলেন। যেমন পরিচিত এক ব্যক্তি অফিসে যাওয়ার পথে বাসস্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাওয়া শুরু করেছেন। এতে তাঁর ব্যয় কমবে ১ হাজার ৪০ টাকা। একজন তিন কক্ষের বাসা ছেড়ে দুই কক্ষের বাসা নিয়ে মাসে পাঁচ হাজার টাকা বাঁচিয়েছেন। এসব অবশ্য মন্দার কারণে নয়, তাঁদের ব্যক্তিগত জীবনে ব্যয় বেড়ে যাওয়ার কারণে। মন্দাকালে কৌশলগুলো গ্রহণ করতে পারেন।

এ সময়ে কোনোভাবেই বাজে খরচ করবেন না। পুরোনো হয়ে গেলেও রেফ্রিজারেটরটি আরও কিছুদিন ব্যবহার করুন। নতুন মডেলের মুঠোফোনের দিকে নজর দেবেন না। জুতা-জামা না কিনলে ভালো। খরচ বাঁচাতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালানো বন্ধ রাখতে পারেন, কফি খাওয়া বাদ দিতে পারেন, বাইরে খাওয়া বাদ দিতে পারেন। বাজার খরচ কমিয়ে ফেলাটা সহজ নয়। তবু চেষ্টা করতেই হবে।

আপনার চাকরি-রোজগারের বিষয়ে স্ত্রী, সন্তানদের জানান। তাদেরও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে উৎসাহিত করুন। পরিবার যদি পাশে থাকে, এসব সংকট অনেক সহজ হয়ে যায়।

পূর্ববর্তি সংবাদকরোনায় মারা গেলেন দুদক পরিচালক সাইফুর রহমান
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে বাঘের শরীরে করোনা শনাক্ত!