ইসলাম টাইমস ডেস্ক: সোমবার রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার হয়েছেন বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামিদের একজন ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ। এরই মধ্যে জানা গেল, মাজেদের নাতি মুজিব উল্যাহ পলাশ বিশ্বাস বর্তমানে ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মাজেদ গ্রেফতারের পর স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘকাল ধরেই বঙ্গবন্ধুর খুনি মাজেদের পরিবারকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে এলাকার প্রভাবশালীরা। যে কারণে তার নাতি পলাশ বিশ্বাস আজ ছাত্রলীগ নেতা এবং কমিটির সাধারণ সম্পাদক পদ বাগিয়েছে।
তারা জানান, মুজিব উল্যাহ পলাশ মিয়াকে কমিটির সাধারণ সম্পাদক করায় এ নিয়ে সমালোচনা শুরু হলে সেই কমিটি একবার স্থগিত করা হয়েছিল। পরে একটি প্রভাবশালী মহলের চাপে সেই কমিটি আবার বহাল করা হয়।
এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাহমুদ এক গণমাধ্যমকে জানান, উপজেলা ছাত্রলীগ কমিটি আমরা দেইনি। তাই এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না। আমাদের ওপর এর দায়ভার পড়ে না।
প্রসঙ্গত, বঙ্গন্ধুর খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ গত ২৩ বছর ধরে কলকাতায় অবস্থান করছিলেন। গত ১৬ মার্চ তিনি ঢাকায় ফেরেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মিরপুর সাড়ে এগারো নম্বর থেকে গ্রেফতার করা হয় তাকে।
















