ইসলাম টাইমস ডেস্ক: শায়খুল হাদীস আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ীকে নিজের পীরভাই উল্লেখ করে তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা আহমদ শফী।
আজ (৮ এপ্রিল )বুধবার এ শোকবার্তা জানান তিনি।
শোকবার্তায় আল্লামা আহমদ শফী দেশের শীর্ষ আলেমের এভাবে চলে যাওয়াকে খুবই বেদনাদায়ক উল্লেখ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র, মুরীদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
এছাড়াও আল্লামা শাহ আহমদ শফী হোসাইন আহমদ মাদানী (রহ.) এর বিশিষ্ট খলীফা শায়খে ইমামবাড়ি (রহ.) কে নিজের পীরভাই উল্লেখ করে বলেন, আল্লাহ তায়ালা তাঁর মাধ্যমে তালীম ও তাযকিয়ার গুরুত্বপূর্ণ খেদমত নিয়েছেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। তাঁর খেদমাতকে সদকা হিসেবে জারি রাখুন, আমীন!
উল্লেখ্য, আজ (৮ এপ্রিল বুধবার) রাত সাড়ে ১২ টার দিকে সিলেট হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানাধীন ইমামবাড়ী নামক এলাকায় পুরানগাঁওয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
বেলা ১টা ৪৫ মিনিটে নিজ গ্রাম পুরানগাঁওয়ে শায়খে ইমামবাড়ির ছেলে মাওলানা এমদাদুল্লাহ-এর ইমামতিতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাঁকে।
















