আইএলওর প্রতিবেদন : করোনায় প্রতি ৫ জনের মধ্যে ৪ জন শ্রমিক কর্মহীন

ইসলাম টাইমস ডেস্ক : করোনাভাইরাসের প্রভাবে বৈশ্বিক শ্রমবাজারে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। প্রতি পাঁচজন শ্রমিকের মধ্যে চারজনের বেশি এখন কর্মহীন। করোনায় পুরোপুরি কিংবা আংশিক লকডাউনের কারণে বিশ্ব শ্রমশক্তির ৮১ শতাংশই এখন কর্মহীন বা বেকার।  আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সদরদপ্তর জেনেভা থেকে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বৈশ্বিক শ্রমবাজারের এই ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। সংস্থার তথ্যমতে, বিশ্বব্যাপী ৩৩০ কোটি মানুষ শ্রমবাজারে যুক্ত। আন্তর্জাতিকভাবে সমন্বিত এবং দ্রুত কার্যকর নীতি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, সব অঞ্চলের শ্রমবাজারই করোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে উচ্চমধ্যম আয়ের দেশগুলোতে সমস্যাটা প্রকট আকার নেবে। এই ক্ষতি ২০০৮-০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকেও ছাড়িয়ে যাবে। কোনো কোনো খাতের শ্রমবাজার উচ্চ ঝুঁকিতে রয়েছে, প্রতিবেদনে সে অনুমানও করা হয়েছে। এতে আবাসন, শিল্প-উৎপাদন, খাদ্যসেবা, খুচরা ব্যবসা ও ব্যবসা প্রশাসন সংক্রান্ত কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।

‘আইএলও মনিটর সেকেন্ড এডিশন : কভিড-১৯ অ্যান্ড ওয়ার্ল্ড অব ওয়ার্ক’ নামে এই প্রতিবেদনে এ বছরের দ্বিতীয় প্রান্তিক নাগাদ শ্রমিকের দৈনিক কর্মঘণ্টার ৬ দশমিক ৭ ভাগ কেড়ে নেবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যা প্রায় দুই কোটি পূর্ণকালীন শ্রমিকের কাজের সমান। তুলনামূলক আরব দেশগুলোতে এই সমস্যা প্রকট বলে প্রতিবেদনে অনুমান করা হয়েছে। আরব অঞ্চলে ৮ দশমিক ১ শতাংশ অর্থাৎ এ অঞ্চলের দেশগুলোর ৫০ লাখ পূর্ণকালীন শ্রমিকের কাজ নষ্ট করবে। ইউরোপে ৭ শতাংশ হারে ১০ কোটি পূর্ণকালীন শ্রমিকের কাজ কেড়ে নিচ্ছে করোনা। এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে ৭ দশমিক ২ শতাংশ হারে সাড়ে ১২ কোটি পূর্ণকালীন শ্রমিক কর্মহীন হচ্ছে।

পূর্ববর্তি সংবাদশবে বরাত ও লকডাউন : দারুল উলুম দেওবন্দের দুটি জরুরি অনুরোধ
পরবর্তি সংবাদপঞ্চগড়ে শ্বাসকষ্ট নিয়ে কিশোরীর মৃত্যু