ইসলাম টাইমস ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে কলেজের দ্বিতীয় তলার অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি) বিভাগে স্থাপিত পরীক্ষাগারে পরীক্ষা শুরু হয়।
প্রথম দিনে বিভাগের চারটি জেলার ১১৬ জনের নমুনা পরীক্ষার জন্য জমা পড়ে। পরবর্তী সময়ে আরও ৫১ টি নমুনা জমা পড়ে। এর মধ্যে গতকাল ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সিলেটে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কমিটির চেয়ারম্যান মো. ময়নুল হক গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মো. ময়নুল হক জানান, প্রথম দিনে সংগৃহীত নমুনাগুলোর মধ্যে ৯৪ টির পরীক্ষা সম্পন্ন করা গেছে। আজ বুধবার সকাল থেকে আরও নমুনা পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের নমুনা পরীক্ষায় সবগুলোর ফলাফল `নেগেটিভ` এসেছে । পরীক্ষাগারে এখন ৭৩ টি নমুনা রয়েছে। তিনি জানান,পরীক্ষাগারে সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরীক্ষাগারে নিরাপত্তা সরঞ্জাম পরে ভেতরে কাজ করছেন মেডিকেল কলেজের কয়েকজন বিশেষজ্ঞ অধ্যাপক ও টেকনোলজিস্টরা।
ময়নুল হক বলেন, পরীক্ষাগারে ব্যবহারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম রয়েছে । তবে এন-৯৫ মাস্কের স্বল্পতা রয়েছে। মাস্কটি বাইরে পাওয়া যাচ্ছে না। দেশের বাইরে থেকেও সরবরাহ নেই।
















