ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মৃত্যুবরণ করেছেন ৯০ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে। তবে আশার কথা হলো এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ লাখ ৪০ হাজার জন। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি সূত্রে জানা গেছে এ খবর।
জন হপকিন্স অনুসারে, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যথাক্রমে ইতালি (১৭,৬৬৯ জন), স্পেন (১৫,২৩৮ জন), যুক্তরাষ্ট্র (১৪,৮২৯ জন), ফ্রান্স (১০,৮৬৯ জন) ও বৃটেনে (৭,০৯৭ জন)। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র, স্পেন ও ইতালির পরে রয়েছে যথাক্রমে জার্মানি (১,১৩,২৯৬ জন) ও ফ্রান্স (৮৩,০৮০ জন)। সুস্থ হওয়ার তালিকায় চীনের পর রয়েছে যথাক্রমে স্পেন (৫২,১৬৫ জন), জার্মানি (৪৬,৩০০ জন), ইরান (৩২,৩০৯ জন) ও ইতালি (২৬,৪৯১ জন)।
মহাদেশ হিসেবে ভাইরাসটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে ইউরোপে। সেখানে ইতালি, স্পেন, জার্মানি ছাড়াও নেদারল্যান্ডস, বেলজিয়াম ও সুইজারল্যান্ডেও দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। তবে তুলনামূলকভাবে জার্মানিতে মৃতের হার কম।
এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেছেন ২১ জন। আক্রান্ত হয়েছেন ৩৩০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন। অন্যদিকে প্রতিবেশি দেশ ভারতে ভারতে মারা গেছেন ১৮৬ জন, আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৩৭ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৫৬৯ জন। পাকিস্তানে মারা গেছেন ৬৩ জন, আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৫৭ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৫৭২ জন।
















