ইসলাম টাইমস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ২১। এছাড়াও আরও ১১২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে।
আজ দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মৃত্যুর সংখ্যা কমেছে তবে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আগে একটি জায়গায় টেস্ট হতো, এখন ১৬ থেকে ১৭টি জায়গায় টেস্ট হচ্ছে। যেহেতু এখন টেস্টের সংখ্যা বেড়েছে তাই আক্রান্তের সংখ্যা বাড়ছে।
অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় ১০৯৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ঢাকায় সংগ্রহ করা হয়েছে ৬১৮টি। বাকি নমুনাগুলো ঢাকার বাইরের।
















