ইসলাম টাইমস ডেস্ক: নতুন করে একদিনে শনাক্ত হওয়া ১১২ জনের মধ্যে পুরুষ ৭০ জন ,আর ৪২ জন নারী। আর ১১২ জন করোনা রোগীর মধ্যে কেবল ঢাকা শহরেই রয়েছেন ৬২ জন।এরপর নারায়ণগঞ্জে শনাক্তের সংখ্যা ১৩ জন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নিয়মিতভাবেই দেখা যাচ্ছিল কোভিড-১৯ এ আক্রান্ত হওয়াদের মধ্যে পুরুষ দুই তৃতীয়াংশের মতো। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর মধ্যেও তাই দেখতে পাচ্ছি। বয়সের হিসেবে ১০ বছরের নিচে রয়েছে তিন জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে নয় জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ১১ জন।
আইইডিসিআরের পরিচালক আরও বলেন, ‘এ পর্যন্ত যত রোগী আমরা পেয়েছি, তাদের বিশ্লেষণ করে দেখা গেছে— তাদের সংক্রমণ হওয়ার প্রথম জায়গাটা জনসমাগম। তাই যেকোনও ধরনের জনসমাগম এড়িয়ে চলতে হবে।’
















