ইসলাম টাইমস ডেস্ক: উহান থেকে গতকাল সাত সপ্তাহের দীর্ঘ লকডাউন উঠিয়ে নেওয়া হলেও এবার চীনের সীমান্তবর্তী শহর সুইফেনহেতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কর্তৃপক্ষ শহরটিকে লকডাউন ঘোষণা করেছে।
কোভিড-১৯ এর প্রকোপ কমে আসায় দেশটির অন্যান্য অঞ্চল থেকে একে একে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ উঠলেও সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার সীমান্তলাগোয়া সুইফেনহেতে আক্রান্তের সংখ্যা বাড়ছিল।
সুইফেনহে শহরটি বেইজিং থেকে এক হাজার মাইল দূরে অবস্থিত। কর্তৃপক্ষ শহরটির প্রায় সব বাসিন্দাকেই ঘরে থাকার নির্দেশ দিয়েছে হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যাতায়াতের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হলেও পণ্যসামগ্রীর চলাচল অব্যাহত থাকবে।
আক্রান্তদের চিকিৎসায় ৬০০ শয্যার একটি হাসপাতাল বানানোর কাজ চলছে বলেও শহরটির কর্মকর্তারা জানিয়েছেন।
চীন বুধবার বিদেশফেরত যে ৫৯ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল, তার মধ্যে ২৫ জনই সুইফেনহে হয়ে দেশে ঢুকেছেন, বলেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
















