ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এপর্যন্ত প্রায় ৫০জনকে আটক করা হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে মূল টার্গেট করে দুই সপ্তাহ ধরে এই অভিযান চালাচ্ছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, গুজব বিরোধী অভিযানের কথা বলে সরকারের পদক্ষেপের সমালোচক বা বিরোধীতাকারিদের ধরা হচ্ছে।
তবে এমন অভিযোগ অস্বীকার করে সরকার বলেছে, করোনা পরিস্থিতি নিয়ে কেউ কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভান্ত করার চেষ্টা করছে, এর সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পরই আটক করা হচ্ছে।
করোনা সংক্রমণ ঠেকাতে দেশে যেহেতু এখন লকডাউন চলছে, সেই প্রেক্ষাপটে ফেসবুকসহ সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু মানুষ পরিস্থিতির শুরু থেকেই গুজব ছড়ানোর চেষ্টা চালায় বলে পুলিশ কর্মকর্তারা বলেছেন।
আর সেজন্য সামাজিক মাধ্যমকেই মুল টার্গেট করে অভিযান চালানো হচ্ছে।
তবে উপজেলা বা গ্রাম পর্যায়েও গুজব ছড়ানোর কিছু চেষ্টার তথ্য প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছেন কর্মকর্তারা। বিবিসি বাংলা।
















