জান্নাতের উদ্যানে ডানা মেলে উড়ে বেড়ানো সবুজ পাখি

মুহাম্মাদ ইলিয়াছ খান।।

পত্রিকায় একটি খবর পড়লাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরাসি লিগ ওয়ানের ক্লাব রেইমসের চিকিৎসক বের্নাদ গঞ্জালেস। এরপর তিনি আত্মহত্যা করেছেন।

রোববার বিকালে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার। আত্মহত্যাকারী একজন চিকিৎসক। তিনি সমাজের জ্ঞানী মানুষ। বুদ্ধিমান মানুষ। শিক্ষিত মানুষ। বিপদে পড়ে দিশেহারা হয়ে গেছেন । সিদ্ধান্ত নিতে পারেননি । ভেবেছেন জীবনটা শেষ করে দিলে মুক্তি পাবেন । তাই করেছেন।জীবনের এক কঠিন পরিস্থিতি। সিদ্ধান্তহীন অবস্থা।

মানুষের বিবেকের একটি দুর্বলতা আছে। তা আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রভাবিত হয়। ইতিবাচক আবেগ দ্বারা। নেতিবাচক আবেগ দ্বারা। প্রথমটি ভালো ও কল্যাণকর। দ্বিতীয়টি মন্দ ও ক্ষতিকর। উপরের অবস্থাটা সামনে রেখে খুব ছোট্ট করে একটি কথা বলতে চাই। এই যে অসহায় অবস্থা। দিশেহারা হওয়ার পরিস্থিতি। বিশেষ করে করোনা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে। হতে পারে আমি কিংবা আপনি করোনায় আক্রান্ত। আজ কিংবা আগামীকাল। তাই বলে কি দিশেহারা হয়ে পড়বো ! অস্থির হয়ে যাব ! জীবনটাকে শেষ করে দিতে চাইবো ! জীবনটাকে মূল্যহীন মনে করতে থাকবো ! শুধু মৃত্যুর দিন গুনবো !কেন !

আমার তো আল্লাহ আছেন ! আমার তো সহায় আছেন ! রোগ দিয়েছেন তিনি। দূর করবেনও তিনি। বিপদ দিয়েছেন তিনি। মুক্ত করবেনও তিনি। রোগে আক্রান্ত হলে আজর পাবো। প্রতিদান পাব। বিপদগ্রস্ত হলে সওয়াব পাবো। বিনিময় পাব। আমি মুমিন। আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করি। আমার অভিভাবক মনে করি। তাই আমার কোন ভয় নেই। হতাশা নেই। নিরাশা নেই। তিনি বিপদ দিলেও আমি অসন্তুষ্ট নই। দিশেহারা নই। হতাশ নই। তিনিই আমার বিপদ দূর করবেন। যেমন দূর করেছেন লাখো মানুষের। তিনিই আমাকে সুস্থ করবেন। যেমন সুস্থ করেছেন লাখো মানুষকে ।

আমি সেই ডাক্তারের মতো নই। যার কাছে ঈমানের আলো নেই। কোরআনের বাণী নেই। হাদীসের শিক্ষা নেই। নেতিবাচক আবেগ তাকে ভুল পথ দেখিয়েছে। কিংবা বিবেক তাকে সঠিক পথ দেখায়নি। তাই করোনায় আক্রান্ত হলে আমি হতাশ হবো না। অস্থির হবো না। দিশেহারা হবো না। আত্মহত্যা করতে চাইবো না। সবর করব। ধৈর্য ধরবো। রবের প্রতি সন্তুষ্ট থাকব। তার কাছেই সুস্থতা কামনা করব। তার প্রতিই আশা রাখব। কারণ আমি মুমিন। আমি তার বান্দা। তিনি আমার মালিক। তিনি আমার অভিভাবক।

যদি ডাক দেন তার কাছে তবুও আমি প্রস্তুত। তার ফায়সালায় আমি রাজি। কারণ আমি মুমিন। আমি বিশ্বাস করি, করোনায় মারা গেলে আমি ব্যর্থ নই। আমি শহীদ। আমি জান্নাতের অধিকারী। জান্নাতের উদ্যানে ডানা মেলে উড়ে বেড়ানো সবুজ পাখি।

পূর্ববর্তি সংবাদত্রাণ বিতর‌ণে অ‌নিয়ম নি‌বিড়ভা‌বে পর্য‌বেক্ষণ কর‌বে দুদক
পরবর্তি সংবাদ৫ টা থেকে কার্যকর হচ্ছে গাইবান্ধা জেলার লকডাউন