ইসলাম টাইমস ডেস্ক: মহামারী ভাইরাসের প্রাদুর্ভাবে জরুরিভিত্তিতে নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন শামীম ওসমান এমপি।
বৃহস্পতিবার তিনি বলেছেন, ঢাকায় নমুনা পাঠিয়ে পরীক্ষার রিপোর্ট পেতে পেতে অনেক রোগী মারা যাচ্ছেন এবং প্রতিনিয়ত উপসর্গ নিয়ে রোগীরা করোনা পরীক্ষার জন্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে ফোন দিয়েও কোনো ফল পাচ্ছে না। এমনকি সিটি কর্পোরেশনের মাধ্যমে টানা ৩-৪ দিন ফোন দিয়েও তারা নমুনা সংগ্রহ করাতে পারছেন না।
তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেলে পরীক্ষার অভাবে তা শনাক্ত করে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মৃত্যুর পর শনাক্তের কারণে নারায়ণগঞ্জে করোনার প্রাদুর্ভাব প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই এ মুহুর্তে ল্যাব স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি।
নারায়ণগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও বিএমএর সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী বলেন, এমপি শামীম ওসমান আমাদের জানিয়েছেন– জেলা সিভিল সার্জন ও সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে করোনা উপসর্গ থাকা রোগীদের নমুনা পরীক্ষার জন্য লোকবল কম। তার অনুরোধে আমরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছি। এ বিষয়ে তিনি আমাদের সব প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, করোনায় সারা দেশে যে ২০ জন মারা গেছে, তাদের মধ্যে ছয়জনই নারায়ণগঞ্জের। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে বুধবার থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে।
















