ডাক্তারদের দায় ও চিকিৎসা ব্যবস্থাপনা!

শরীফ মুহাম্মদ।।

চিকিৎসার প্রয়োজনে সাধারণ মানুষ ডাক্তারের মুখোমুখি হন। রোগী ও রোগীর স্বজনরা ডাক্তারকে চেনেন, অন্যদেরকে চিনেন না বা চিনতে চান না।

অথচ স্বাস্থ্যসেবার পুরো প্রক্রিয়ায় ডাক্তারদের ভূমিকা একটি অংশ মাত্র। তারা সব নন। চাইলেও তারা সব হতে পারেন না, সুযোগ নেই, সম্ভব নয়।

একথা অবশ্যই মিথ্যা নয় যে, ডাক্তারদের মধ্যেও সততা- অসততা, আন্তরিকতা-অনান্তরিকতা, ত্যাগ ও বাণিজ্যের ব্যাপার রয়েছে। এবং এজন্য নানা জটিলতার সৃষ্টিও হচ্ছে। এরপরও সত্য হলো, অন্যেরা সহযোগিতা না করলে দেশের সব ডাক্তার সৎ এবং আন্তরিক হলেও স্বাস্থ্য এবং চিকিৎসা খাতের সমস্যার সমাধান হবে না।

স্বাস্থ্য বা চিকিৎসা খাতে ডাক্তারের চেয়েও অনেক বড় ভূমিকা চিকিৎসা প্রশাসন, চিকিৎসা ব্যবস্থাপনা এবং চিকিৎসা বাণিজ্যের। এই খাতগুলো যারা পরিচালনা করেন তারা ঠিক না হলে ‘মাঠ পর্যায়ের তাৎক্ষণিক কর্মী’ ডাক্তারদের তেমন কিছু করার থাকে না। যদিও মূল কাজটি তাদেরই করতে হয়।

ডাক্তারদের অবস্থা অনেকটা একটা বড় মিডিয়া হাউজের মাঠ পর্যায়ের সংবাদকর্মীর মতো। যার হাতে বুম এবং যার হাতে ক্যামেরা, ওই মিডিয়ার প্রতিনিধি হিসেবে লোকেরা তাকেই চেনে। কিন্তু মিডিয়ার মালিক, সম্পাদক এবং নীতিনির্ধারকদের ‘বাণিজ্যিক ও পক্ষপাতমূলক এবং অপেশাদার’ আচরণের দায় গিয়ে পড়ে মাঠ পর্যায়ের ক্যামেরাম্যানের ওপর। মানুষ উপরের কারিগরদের চেনে না, সামনের কর্মীদের ওপর ঝাল মেটায়। এটা একটা সংকট এবং এটা একটা বাস্তবতা।

করোনার এই ভয়াবহ সংকট কালে চিকিৎসা খাতের মাত্র একটি পার্ট-ডাক্তারদের দিকে সবার বিরক্তির চোখ। পেছনের কারিগরি এবং পেছনের গাফিলতি কেউ দেখতে পাচ্ছে না‌‌। বারবার এই খাতের সব দুর্বলতার চাপ গিয়ে পড়ছে ডাক্তারদের ওপর। এতে সংকট বাড়ছে, কমছে না।

কিন্তু এরপরও একটা কথা থাকে। সেই কথাটা হলো, সময়, পরিস্থিতি, সংকট, আস্থা এবং আশ্রয়ের জন্য মানুষ ডাক্তারের কাছেই ছুটে যায়। চিকিৎসা খাতের সব ব্যবস্থাপনা ও বাণিজ্য যদি ভেঙ্গেও পড়ে, ইন্ডিভিজুয়াল একজন ডাক্তারই রোগাক্রান্ত বিপন্ন মানুষের কাছে আশ্রয়ের একটি বড় প্রতিষ্ঠান, হয়তো একমাত্র প্রতিষ্ঠান।

ত্যাগীর কাছেই তো মানুষ ত্যাগ চায়। আবেগাক্রান্ত বিপন্ন মানুষ একজন ডাক্তারের সীমাবদ্ধতার সবগুলো বৃত্তও বুঝতে চায় না। এটা মানুষের অজ্ঞতা এবং অসহযোগিতা। অন্তত এই জায়গাটায় সহযোগিতা ও সমন্বয় দরকার। বিপদের সময় একটু বেশি দরকার।

আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন।

পূর্ববর্তি সংবাদচাল চোরদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চান কর্নেল অলি
পরবর্তি সংবাদকরোনায় আরো ৩ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ৫৮: স্বাস্থ্যমন্ত্রী