ইসলাম টাইমস ডেস্ক: কারখানায় বৈদ্যুতিক ও যান্ত্রিক জটিলতার কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস শনাক্তকরণ কিটের নমুনা সরকারের কাছে হস্তান্তর পিছিয়ে গেছে।
শনিবার সকাল ১১টায় ঢাকার ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে সরকারের ঔষধ প্রশাসন অধিপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিএসএমএমইউ, আইইডিসিআর, আইসিডিডিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে নিজেদের উদ্ভাবিত কিটের নমুনা হস্তান্তরের আয়োজন করেছিল গণস্বাস্থ্য কেন্দ্র।
ওই অনুষ্ঠানটি বাতিলের কথা শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, “আমাদের ফ্যাক্টরিতে ইলেক্ট্রো-ম্যাগানিক্যাল একটা ডিসরাপশন হয়েছে। এতে প্রোডাকশন হ্যাম্পার হয়েছে। আমরা যেসমস্ত স্যাম্পল তৈরি করেছিলাম, সেগুলো ডিসারপশনের কারণে নষ্ট হয়ে গেছে।
“সেজন্য সরকারের কাছে স্যাম্পল প্রদানের অনুষ্ঠানটি কাল (শনিবার) হচ্ছে না। ওটা বাতিল করতে আমরা বাধ্য হয়েছি।”
এর আগে বিকালে কোভিড-১৯ ডট ব্লট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “অত্যন্ত দুঃখিত। কোভিড-১৯ ডট ব্লট কিট হস্তান্তর স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শিগগিরই জানানো হবে।”
















