ইসলাম টাইম ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে। এছাড়া আরও ৫৮ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮২ জনে।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে যুক্ত ছিলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
গত একদিনে যাদের মৃত্যু হয়েছে তাদের বিষয়ে মিরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যে তিনজন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে দুই জন ঢাকার বাইরের এবং একজন ঢাকার। তাদের বয়স ৩৮ বছর, ৫৫ বছর এবং ৭৪ বছর।’
মিরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন জন। যারা সুস্থ হয়ে গেছেন তাদের মধ্যে দুইজন পুরুষ একজন নারী। তাদের বয়স ২৬, ৫৭, ৫৫ বছর। সর্বমোট ৪৮২ জন শনাক্তের মধ্যে বেশির ভাগেরই বয়স ৩১ থেকে ৪০ বছর। যা শতকরা ২২ ভাগ। ২১ থেকে ৩০ বছর বয়সের শতকরা ১৯ ভাগ এবং ৪১ থেকে ৫০ বছরের আছেন শতকরা ১৯ ভাগ। এর মধ্যে পুরুষ ৭০ ভাগ এবং নারী ৩০ ভাগ।’
করোনা শনাক্তদের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘শনাক্ত ৪৮২ জনের মধ্যে শতকরা ৫২ ভাগ ঢাকা শহরের। ঢাকা শহর বাদ দিয়ে জেলাসহ অন্যান্য বিভাগে আছে শতকরা ৩৫ ভাগ।’
















