ইসলাম টাইমস ডেস্ক: করোনার কারণে আগামীকালের মন্ত্রিসভা বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক।
আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) এই বৈঠক হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা অনুষ্ঠিত হবে না বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠক হচ্ছে না।’
করোনা ভাইরাস মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিন দফায় ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
এই ছুটির মধ্যেই গত সোমবার (৫ এপ্রিল) গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভা বৈঠক হয়। সেই বৈঠকে মাত্র সাতজন মন্ত্রী অংশ নেন, সবার মুখে ছিল মাস্ক। আর প্রত্যেকে দূরত্ব বজায় রেখে আলাদা আলাদা টেবিলে বসেন।
















