এবার লকডাউন রাজশাহী ও নীলফামারী জেলা

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের(কভিড-১৯) সংক্রমণ থেকে রক্ষা পেতে রাজশাহী ও নীলফামারী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ২৭টি জেলা লকডাউন করলো প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

রাজশাহী জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। জেলা প্রশাসক হামিদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরইমধ্যে রাজশাহী জেলায় দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ঢাকা ও নারায়ণঞ্জে করোনার ব্যাপক প্রার্দুভাব লক্ষ্য করা গেছে। সেখান থেকে অনেকে রাজশাহীতে এসেছেন। সংক্রমণ এড়াতে তাই মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।

এতে আরো বলা হয়েছে, মানুষের চলাচলসহ রাজশাহী জেলা ও মহানগর এলাকায় সব ধরনের যানবহন চলাচল বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, সংবাদপত্র, টেলিফোন, ব্যাংক, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট, চিকিৎসাসেবা, ভোগ্যপণ্য, কৃষিপণ্য, রপ্তানিপণ্য ইত্যাদি পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি, যানবাহনসহ সব জরুরি সেবা এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

এদিকে গত ৯ এপ্রিল রাতে নীলফামারি জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তাতে লকডাউনের ঘোষণা দেয়া হয়নি। সেই গণবিজ্ঞপ্তির আলোকে লকডাউন ঘোষণা করে আজ তা মাইকে প্রচার করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার অভ্যন্তরে সকল যানবাহন, সাপ্তাহিক হাট-বাজার, প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে নীলফামারীতে লকডাউনের সময় দেশের সব জেলার যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, খাদ্য সরবরাহ এর আওতামুক্ত থাকবে।

পূর্ববর্তি সংবাদ৩৩৩-এ ফোন করে ত্রাণ চাওয়ায় কৃষককে আ.লীগ নেতার মারধর
পরবর্তি সংবাদরাজধানীতে ঘরবন্দী দুস্থদের মাঝে যুব মজলিসের খাদ্য বিতরণ