সতর্কতা অবলম্বন তাওয়াককুল পরিপন্থী নয়: তাকি উসমানী

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে অভিজ্ঞ ডাক্তার ও প্রশাসন  নির্দেশিত উপায়-উপকরণ ও সতর্কতা অবলম্বন তাওয়াককুল পরিপন্থী নয় বলে মন্তব্য করেছেন বর্তমান বিশ্বের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ও পাকিস্তানের প্রসিদ্ধ আলেম মুফতি তাকি উসমানী।

আজ ১৪ এপ্রিল (মঙ্গলবার) বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস পরিস্থিতিতে পাকিস্তানে সব ঘরনার শতাধিক আলেমদের নিয়ে করাচীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সময় উম্মতের করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়ার সময় একথা বলেন শায়খুল ইসলাম আল্লামা তাকি উসমানী ।

এসময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞ ডাক্তার ও প্রশাসন  নির্দেশিত উপায়-উপকরণ ও সতর্কতা অবলম্বনকে তাওয়াককুল পরিপন্থী মনে না করে আল্লাহ তায়ালার কাছে নিজের কৃত গোনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা।

শায়খুল ইসলাম আল্লামা তাকি উসমানী মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের ঘরেই সুন্নত-নফল পড়ে শুধুমাত্র ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায়ের কথা বলেন। এবং নামাজের সময় দুই কাতারের মাঝখানে এক কাতার ফাঁকা রেখে দূরত্ব বজায় রেখে নামাজে দাঁড়ানোর অভিমত ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি অসুস্থ ব্যক্তিদের মসজিদে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে মসজিদে হ্যান্ড সেনিটাইজার বা সাবান রাখতে মসজিদের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ করেন। এছাড়াও  মসজিদের কার্পেট উঠিয়ে ফেলে ফ্লোর ঘনঘন পরিষ্কার করার কথা বলেন।

পাকিস্তানে জুমার জামাত বন্ধ থাকবে না উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে খতিবদের খুৎবার আগে স্বদেশী ভাষায় বয়ান আপাতত স্থগিত রাখতে বলেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী।

পরিস্থিতি বিবেচনায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ন্যূনতম তিনমাসের বাড়িভাড়া মওকুফ করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আল্লামা তাকি উসমানি।

ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সাংবাদিকদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক উল্লেখ করে তিনি সাংবাদিকদের মসজিদকে টার্গেট করে কোনো সংবাদ প্রচার না করার আহ্বান জানান।

সর্বশেষ দেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের জীবনবাজি রেখে যারা সেবা দিয়ে যাচ্ছেন, তাদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে সবার সম্মিলিত প্রচেষ্টা ও ভারসাম্যপূর্ণ আচরণে সংকট কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী।

 

পূর্ববর্তি সংবাদত্রাণ বিতরণে অনিয়ম এবং চাল চুরি: ইসলামি রাজনীতিকদের বিশ্লেষণ
পরবর্তি সংবাদকরোনা পরিস্থিতিতে এবার ঢাকা ছাড়লেন ২১৪ কানাডিয়ান