মাজেদের লাশ কবর থেকে তুলে অন্য কোথাও নেওয়ার দাবি সোনারগাঁও আওয়ামী লীগের

ইসলাম টাইমস ডেস্ক :  মাজেদের ফাঁসি কার্যকরের পর লাশ দাফন নিয়ে জটিলতা তৈরি হয়। মাজেদের লাশ কবর থেকে তুলে অন্য কোথাও নেওয়ার দাবি জানিয়েছে সোনারগাঁও আওয়ামী লীগ।

জানা যায়, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। পরদিন লাশ দাফনের খবর ছড়িয়ে পড়লে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পাটির নেতাকর্মীসহ স্থানীয়রা  দিনভর কয়েক দফায়  বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ এই জেলায় রাখতে দেওয়া হবে না। মাজেদের লাশ অপসারণ না করা হলে কবর থেকে তুলে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হবে।

এছাড়া এ ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী হায়দার, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানান। কেউ ঝাড়ু, কেউ জুতা নিয়ে মাজেদের কবরে আঘাত করেন। অনেকে আবার কবর খোঁড়ার চেষ্টা করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা কবর ছেড়ে চলে যান।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, ‘যার বাড়ি ভোলায় তাকে কেন সোনারগাঁয়ে রাতের আধারে দাফন করা হলো? এ জন্য সোনারগাঁ আওয়ামী লীগ ও সব অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ভোলাবাসী তার দায় বহন করতে চায় না, তাহলে আমরা সোনারগাঁবাসী কেন এর দায় নেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবিনয় প্রার্থনা, এই খুনির লাশ সোনারগাঁ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হোক।’

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী হায়দার, সোনারগাঁয়ের আওয়ামী লীগ নেতা এএইচএম মাসুদ দুলালসহ জেলা ও উপজেলা নেতারা লাশ তুলে অন্যত্র নেওয়ার পক্ষাবলম্বন করেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘মাজেদের দাফন প্রক্রিয়া সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। সকালে বিভিন্ন জনের কাছ থেকে শোনার পর আমি খোঁজ খবর নিতে শুরু করি।’ তিনি বলেন, ‌’রাত তিনটায় মরদেহ অ্যাম্বুলেন্সে করে এনে দাফন করে চলে যায়। উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি—আমরা সরকারকে জানাবো। পরে আমাদের যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবে কাজ করবো।’

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরো ২৪০৭ জনের মৃত্যু
পরবর্তি সংবাদকরোনা-সংকট : বাড়ছে ‘ভালো খবর’-এর চাহিদা