ঢাকা বিভাগের ৯ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিভাগের ৯টি জেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে দেশের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এই কনফারেন্স শুরু হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করছে।

প্রধানমন্ত্রী বলেন, করেনাভাইরাস পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা এড়ানোর জন্য সরকার ৯২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। আগামী তিন অর্থবছরে এই প্রণোদনা কার্যকর হবে। তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং ঘরে নিজের মতো করে ব্যস্ত থাকার ও ইবাদতের আহ্বান জানান। এর আগে প্রধানমন্ত্রী গত ১২ এপ্রিল খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন এবং পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী একই ইস্যুতে ৭ এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন।

গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ পজিটিভ রোগী পাওয়ার পর থেকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশে এই মারাত্মক ভাইরাসে ৫০ জনের প্রাণহানি ঘটেছে এবং এক হাজার ২৩১ জন সংক্রমিত বলে শনাক্ত হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনায় আক্রান্ত হলে যে ৫ ধরনের মানুষের মৃত্যু আশঙ্কা বেশি!
পরবর্তি সংবাদপ্রিয়তমের প্রেম-নগরী মক্কা