ইসলাম টাইমস ডেস্ক: শেষবারের মতো বাড়ানো হলো চলতি বছর হজ গমনেচ্ছুদের জন্য নিবন্ধন কার্যক্রমের সময়সীমা। বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে সময়সীমা বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই সময় বাড়ানো হয়েছে। বুধবারই ছিল পূর্বঘোষিত সময়সীমার শেষ দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের জানানো যাচ্ছে, হজ পালনে ইচ্ছুক, নিবন্ধনের জন্য পাসপোর্ট জমা প্রদানকারী অনেকে সরকারি ছুটির কারণে ব্যাংক থেকে নিবন্ধন ভাউচার গ্রহণ করতে পারেননি। ইতিমধ্যে নিবন্ধন ভাউচার গ্রহণকারী অনেকে টাকা জমা দিতে না পারায় নিবন্ধন করতে পারেননি। এমতাবস্থায় ২০২০ সালে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধনের সুবিধার্থে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা শেষবারের মতো আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হল।
এতে আরও বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত সব প্রাক-নিবন্ধিত ব্যক্তিসহ হজে গমনেচ্ছু যে কোনো ব্যক্তি নতুনভাবে একই সঙ্গে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করতে পারবেন।
















