ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সংসদ সদস্যকে কটাক্ষ করে বীরগাঁও ইউপি চেয়ারম্যান ফেসবুকে মন্তব্য করার প্রতিবাদে লকডাউন ভেঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ে রোববার দুপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত ১২ এপ্রিল উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে মোবারক হোসেন নামের এক ব্যক্তির পা কেটে জয়বাংলা শ্লোগান দিয়ে মিছিল করে প্রতিপক্ষরা। আহত অবস্থায় মোবারক ঘটনার চারদিন পর ঢাকা মেডিক্যালে মৃত্যুবরণ করেন।
ওই হত্যা কাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কবির আহমেদকে ‘প্রধান আসামী’ করা হলেও আলোচিত এ মামলায় একটি গ্রুপের দলনতো কাউছার মোল্লাকে ২ নম্বর আসামী করা হয়েছে। ঘটনার ছয় দিন পর দায়ের হওয়া এ মামলায় আসামী হওয়ার খবর জানতে পেরে বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে স্টেটাস দেন। এবং এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমপি বুববুলের নির্দেশে এই মামলা হয়েছে বলে স্ট্যাটাসে উল্লেখ করেন।
এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রতিবাদের ঝড় উঠে। লকডাউন থাকা সত্বেও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শতাধিক নেতৃবৃন্দ আওয়ামী লীগ কার্যালয়ে এসে উপস্থিত হন। এসময় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত সকল নেতাকর্মীদের শান্ত করে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ জানান।
















