রমযানে দশ মিলিয়ন মানুষকে মানবিক সহায়তা প্রদান করবে তুরস্ক

ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন রমযানে তুর্কি মানব কল্যাণ সংস্থা ( আইএইচএইচ) দশ মিলিয়ন মানুষকে মানবিক সহায়তা প্রদানের পরিকল্পনা করেছে।

তুর্কি সংবাদমাধ্যম তুরক প্রেস আইএইচএইচ-এর বরাতে আজ রবিবার এ তথ্য প্রকাশ করেছে। খবরে বলা হয়, করোনা পরিস্থিতিতে সারাবিশ্বের মতো তুরস্কেও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। তবে তুরস্ক সরকার খুব সফলতার সাথেই সঙ্কট উত্তরণের চেষ্টা করছে। আসন্ন রমযানের জন্য সরকারিভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

খবরে আরও জানানো হয়, তুর্কি মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে রমযানে ২ লাখ ১০ হাজার খাবারের ঝুড়ি বিতরণ করা হবে। তুরস্কে করোনা ছড়িয়ে পড়ার পর থেকেই রমযানে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল বলে খবরে জানানো হয়।

জানা যায়, প্রায় সত্তর হাজার লোক থেকে সদকাতুল ফিতর এবং যাকাতের টাকা রাষ্ট্রীয়ভাবে অগ্রীম আদায় করা হয়েছে। সে টাকা দিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণের জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে।

তুরস্কের ৮১ টি রাজ্যে খাদ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য পর্যাপ্ত বিশেষ ট্রাকের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যায়।

পূর্ববর্তি সংবাদপঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে স্কুলছাত্রের মৃত্যু
পরবর্তি সংবাদকরোনা রোগী শনাক্ত, রাজধানীর জাপান গার্ডেন সিটি লকডাউন