ইসলাম টাইমস ডেস্ক: নারায়নগঞ্জের সোনারগাঁও ও বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা, সাড়ে আট কেজি গাঁজা ও ৬৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ওই অভিযান চালায় র্যাব-১১। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যানও জব্দ করে র্যাব।
র্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম) মো. আলেপ উদ্দিন জানান, রোববার ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কাঁচপুরে চেকপোস্ট স্থাপণ করে একটি কাভার্ডভ্যান আটক করা হয়।
এসময় ওই কাভার্ডভ্যান তল্লাশি করে সাড়ে ৮ কেজি গাঁজা ও ৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল ও গাঁজা কাভার্ডভ্যানযোগে অভিনব পন্থায় পরিবহন করায় মহিবুল ইসলাম (৩৯) ও হাসিবুর রহমান বাদলক (৩৯) নামে দুজনকে গ্রেফতার করা হয়।
এর আগে রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৮ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ টিপু মুন্সি (২৬) ও নাঈম মুন্সি(২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়।
র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম) জানান, অভিনব কায়দায় ইয়াবাগুলো ক্যারেটের মধ্যে পলিথিনের প্যাক করে পাচার করছিল গ্রেফতারকৃতরা।
















