ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে মাথাপিছু আয় অব্যাহতভাবে বাড়ার ধারাবাহিকতা ভাঙতে পারে বলে মন্তব্য করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
প্রবৃদ্ধি কমলে সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই কমবে মাথাপিছু আয়। ফলে স্বাধীনতার পর বাংলাদেশে মাথাপিছু আয় না কমার ধারাবাহিকতা ভেঙে যাবে বলে বিবিএস সূত্র জানায়।
মাথাপিছু আয় প্রসঙ্গে বিবিএস সূত্র জানায়, অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলেই মাথাপিছু আয় বেড়েছে। জিডিপির প্রবৃদ্ধি সব সময় ইতিবাচক থাকায় ধারাবাহিকভাবে বেড়েছে মাথাপিছু আয়। স্বাধীন দেশের শুরুতে যেখানে মাথাপিছু আয় ছিল ৬৭৬ টাকা সেখানে মাত্র দুই যুগ পর(১৯৯৫-৯৬) সে মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় ১১ হাজার ১৫২ টাকা। এর পরে ১৯৯৮-৯৯ সালে মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ১৪৩ টাকা। এক ধাপে ২০০০-০১ সালে মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় ২৩ হাজার ৯১ টাকা। এর পরে ২০০৫-০৬ অর্থবছরে ৩৬ হাজার ৪৪৮ টাকা, ২০১০-১১ অর্থবছরে ৬৬ হাজার ৪৪ টাকা মাথাপিছু আয় হয়।
২০১৫-১৬ অর্থবছরে লাখ টাকা ছাড়ায় মাথাপিছু আয়। এই সময় মাথাপিছু আয় দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৬২১ টাকা। সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়ায় ১ লাখ ৬০ হাজার ৪৪০ টাকা।
কিন্তু করোনার প্রভাবে এ ধারাবাহিতা নাও থাকতে পারে জানায় বিবিএস।
















