ইসলাম টাইমস ডেস্ক: সারা দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে বোরো ধান ঘরে তোলার মৌসুমে পর্যাপ্ত শ্রমিক না পাওয়া কৃষকদের সহযোগিতা করতে ছাত্রসমাজের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন।
২১ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের অনলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি জাকির বিল্লাহ এই আহ্বান জানান।
মুফতি জাকির বিল্লাহ বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী লকডাউনের কারণে ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাচ্ছেন না কৃষকরা। আবার ধান কাটার মেশিনও সব জায়গায় পর্যাপ্ত নেই। আবহাওয়া অধিদপ্তর থেকে আগাম বন্যার আশংকাও প্রকাশ করা হয়েছে ইতোমধ্যে। এমতাবস্থায় দেশের ভাটি ও হাওর অঞ্চলের ৪ লাখ ৪৫ হাজার হেক্টর জমিতে চাষকৃত এবং ৩৭ লাখ ৪৫ হাজার মেট্রিক টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত বোরো ধান সংগ্রহ নিয়ে শংকায় আছেন কৃষকরা।
তিনি বলেন, এসময় ছাত্রসমাজের হাতে পর্যাপ্ত সময়। এই সময়কে কাজে লাগিয়ে এই কঠিন মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে দেশকে আশু মন্দার প্রকোপ থেকে কিছুটা হলেও রক্ষা করার চেষ্টা করতে হবে।
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: জাকির হোসাইনের পরিচালনায় অনলাইনে অনুষ্ঠিত এ বৈঠকে আরো অংশগ্রহণ করেন সহ সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম,আরমান হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, মো: ইসমাইল প্রমূখ।
















