পঞ্চগড়ে এবার করোনা আক্রান্ত হল এক কিশোর, বাড়ি লকডাউন

ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড়ের  বোদা উপজেলায় নতুন করে আরো একজন কিশোর করোনা আক্রান্ত  হয়েছেন। এ নিয়ে এ জেলায় মোট ৩ জন। ওই কিশোরের বাড়ি সহ আশ-পাশের লকডাউন করেছে বোদা থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান। তবে ওই কিশোর বর্তমানে নিজ বাড়িতে আছেন এবং সুস্থ আছে বলে জানান তিনি।

পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে তার নিজ গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সে ময়মনসিংহে একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করত।

বাসায় ফেরার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়। তারপর থেকে সে বাড়িতেই অবস্থান করছিলো। তবে ওই যুবক সুস্থ আছেন। তার কোন উপসর্গও নেই বলেও সে জানায়।

খবর পাওয়ার পর পরই বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী ও বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান ঘটনাস্থলে গিয়ে করোনা পজিটিভ ওই রোগীর বাড়িসহ আশপাশের বাড়ি গুলো লকডাউন করেছেন।

আরো জানা যায়, গত ১৯ এপ্রিল ওই কিশোর সহ ২১ জনের নমুনা সংগ্রহ করে বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরে তাদের নমুনা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ওই কিশোরের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এবং তাদের বাকী তিন জনের করোনা নেগেটিভ এসেছে। তবে গতকাল পর্যন্ত জেলায় ২৪৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর ১৮৮ জনের রিপোর্ট আসে। তন্মধ্যে ৩ জনের করোনা পজিটিভ আসে। বাকীদের রিপোর্ট এখনো আসেনি।

এর আগে গত ১৭ এপ্রিল ও ২১ এপ্রিল তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ও শালবাহানহাট ইউনিয়নের দুই নারী করোনা পজিটিভ শনাক্ত হন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে এক কিশোরের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩ জন। তবে এ পর্যন্ত আক্রান্ত ৩ জনই তাদের নিজ গ্রামের বাড়িতে আছেন এবং সুস্থ আছেন। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।

পূর্ববর্তি সংবাদবিএনপি বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদসীতাকুন্ডে সিগারেটের ধোয়া নিয়ে বিতর্কের জেরে দুই বন্ধুকে হত্যা করেছে কিশোর গ্যাং