ইসলাম টাইমস ডেস্ক : রানা প্লাজা ট্র্যাজেডির সপ্তম বছর পূর্ণ হচ্ছে শুক্রবার। ২০১৩ সালের এ দিনে সাভারে ধসে পড়েছিল ৯ তলা ভবন রানা প্লাজা। ইট কংক্রিটে চাপা পড়ে হারিয়ে যায় হাজারেরও বেশি তাজা প্রাণ। জীবন ফিরে পেলেও শত শত শ্রমিককে পঙ্গুত্ব মেনে নিতে হয়েছে। ঘটনার সাত বছর পার হয়ে গেলেও এ ঘটনায় হতাহত শ্রমিক ও তার স্বজনেরা এখনও সুবিচার পাননি। বিচার হয়নি অভিযুক্তদের।
নিহত শ্রমিকদের স্বজনেরা যেমন যথাযথ ক্ষতিপূরণ পাননি, তেমনি যথাযথ সহায়তা না পাওয়ায় আহত অনেক শ্রমিকই প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে আজও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে।
হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ ও দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবছরই এই দিনে সারাদেশে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। তবে দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে এ বছর কোনো কর্মসূচি রাখেনি সংগঠনগুলো।
প্রসঙ্গত, রানা প্লাজা ধসের ঘটনায় ধ্বংসস্তুপ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত অবস্থায় এবং ১ হাজার ১১৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জন মারা যান। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ১৩৬ জনে। আহত হন ১ হাজার ৫শ’ ২৪ জন।২৯১টি লাশ অশনাক্ত অবস্থায় জুরাইন কবরস্থানে দাফন করা হয়। পরে ১৫৭টি লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে।
















