ইসলাম টাইমস ডেস্ক : বিপর্যস্ত স্পেনে একমাস পর দৈনিক মানুষের প্রাণহানি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফলে স্পেন মহামারীর সবচেয়ে কঠিন সময়টি পেরিয়েছে বলে ঘোষণা দিয়েছে সরকার।
স্পেনে সরকারি হিসাবে, গত ২৪ ঘন্টায় ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৪৪০। ২১ মার্চের পর থেকে মৃত্যুর সংখ্যা শুক্রবারই সবচেয়ে কমেছে।
দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫২৪ জনে। মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্র এবং ইতালির পরই রয়েছে স্পেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৭৪০ জন করোনাভাইরাস সংক্রমিত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জনে।
তবে সুনির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষার ভিত্তিতে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছে। এ সংখ্যা এখন ২ হাজার ৭৯৬। আর সুস্থ হয়েছে ৩ হাজার ১০৫ জন। অর্থাৎ, এই প্রথম স্পেনে সুস্থ হওয়া মানুষের সংখ্যা নতুন আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
স্পেন সরকারের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা সবচেয়ে কঠিন সময়, কোভিড-১৯ এর সবচেয়ে গুরুতর পর্যায়টি পেরিয়ে এসেছি। এর জন্য গোটা স্পেন সমাজের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।”
















