করোনার মধ্যেই নতুন বিপদ! ভারত-বাংলাদেশে হানা দিতে পারে পঙ্গপাল

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনার মধ্যেই আশঙ্কা করা হচ্ছে নতুন বিপদের। ভারতের দ্য হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের গৃষ্মেই ভারত ও বাংলাদেশে পঙ্গপাল হানা ‍দিতে পারে।

ভারতে পঙ্গপালের হানার আশঙ্কার কথা ইতিপূর্বেও করা হয়েছিল। চলতি বছরের মে থেকে ভারতে পঙ্গপালের উপদ্রব শুরু হবে বলে সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। তবে সেখানে বাংলাদেশের কথা উল্লেখ ছিল না।

ওই প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগর অতিক্রম করে একদল পঙ্গপাল সরাসরি ভারত উপদ্বীপের কৃষিজমিতে নেমে পড়তে পারে। এরপরই যাবে বাংলাদেশের দিকে।

হিন্দু পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের বিরুদ্ধে ভারত যখন প্রাণপণে লড়ে যাচ্ছে তখন দেশটির দিকে ধেয়ে আসছে আরেকটি ভয়াবহ বিপদ। এ গৃষ্মেই ভারতের কৃষি জমিগুলোতে হামলে পড়তে পারে পঙ্গপাল।

ওই সূত্রটি জানায়, হর্ন অব আফ্রিকা থেকে একদল পঙ্গপাল গতিপথে মরু অঞ্চলের আরেকদলের সঙ্গে যুক্ত হয়ে হানা দিচ্ছে। এদের একটি ঝাঁক ইয়েমেন, বাহরাইন, কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব এবং পাকিস্তান হয়ে ভারতে হানা দিচ্ছে। এরা ভারতের পাঞ্জাব, হরিয়ানাসহ আরও কয়েকটি এলাকায় ঢুকছে।

অন্যদলটি ভারত মহাসাগর অতিক্রম করে সরাসরি ভারত উপদ্বীপের কৃষিজমিতে নেমে পড়তে পারে। এরপরই যাবে বাংলাদেশের দিকে।

পূর্ববর্তি সংবাদআরও ৯ জনের মৃত্যু, করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই
পরবর্তি সংবাদগরিবদের সাহায্য না করে সরকার ত্রাণ দিয়ে দলীয় লোকদের পেট ভরাচ্ছে: রিজভী