ইসলাম টাইমস ডেস্ক: ইউরোপে করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ ইতালিতে মৃত্যুর মিছিল আর কঠোর, দীর্ঘ লকডাউন দু’য়ে মিলে মানুষের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ছে। এমন কথাই বলছেন চিকিৎসকরা।
রেডক্রস পরিচালিত একটি মানসিক স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের কর্মকর্তারা বিবিসি’কে জানিয়েছেন, মানসিক বিপর্যয়ের সঙ্গে যুঝতে থাকা অসংখ্য মানুষের ফোনকল পাচ্ছেন তারা।
অনেকেই বলছেন, ঘরেবন্দি থাকাটা তাদের কাছে জেলে বন্দি থাকার মতোই কঠিন মনে হচ্ছে। কেউ ভুগছেন একাকীত্বে, কেউ আতঙ্কে। অনেকে আবার আত্মহত্যাও করতে চাইছেন।
করোনাভাইরাস মহামারীর কবলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য ও অর্থনীতি, তেমনই গভীরভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সাধারণ জীবনযাত্রা। এ সবেরই মিশ্র প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। লকডাউনের অনিশ্চয়তায় বাড়ছে মানসিক অসুস্থতা।
বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে ইতালি। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সেখানে পুরো লকডাউন চলবে ৩ মে পর্যন্ত। এরই মধ্যে দেশটিতে মানুষের চলাফেরায় কড়াকড়ির পদক্ষেপ এক মাস পেরিয়েছে।
লকডাউনের কারণে করোনাভাইরাস সংক্রমণ ৪৫ শতাংশ কমেছে এমনটিও দেখা গেছে নতুন গবেষণায়। কিন্তু তাতে দূর হয়নি ঘরবন্দি মানুষের মনের ওপর নেতিবাচক প্রভাব।
















