ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনাভাইরাস নিয়েও পুরোনো নালিশের রাজনীতি শুরু করেছে। তারা দাবি করছে সরকার নাকি তথ্য গোপন করছে, কী গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত ছিলো তাদের।
আজ রবিবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপিকে এই দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন। এই সংকট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান, সততা ও সাহসই হচ্ছে তার শক্তির উৎস।
















