ইসলাম টাইমস ডেস্ক: ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর জাতিগত বিদ্বেষের অংশ হিসেবে যাদের দোষারোপ করা হয়েছিল সেই তবলিগ জামাতের সদস্যদের রক্তের প্লাজমা দিয়ে চলছে করোনার চিকিৎসা।
করোনায় যাদের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে কনভালসেন্ট প্লাজমা থেরাপিতে তাদের রক্তের প্লাজমা ব্যবহার করা হয়। তাই এবার সেই তবলিগ জামাতের সদস্যদের কাছে নিজেদের রক্তের প্লাজমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।
গতকাল সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে তবলিঘি জামাতের ২০০ জন সদস্যের প্লাজমা সংগ্রহের কাজ। সুলতানপুরী এবং নারেলার দুটি কোভিড কেয়ার সেন্টারে শুরু হয়েছে এই কাজ। সোমবারই ২৫ জনের প্লাজমা সংগ্রহ করা হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
এইমস এর মেডিকেল সুপার ড. ডি. কে. শর্মা জানিয়েছেন, আমরা বেশ কয়েকজন দাতার থেকে প্লাজমা সংগ্রহ করেছি। এবার আমরা উপযুক্ত গ্রহিতার খোঁজে রয়েছি। এমন এক রোগীর প্রয়োজন যিনি ইনটেন্সিভ কেয়ার ইউনিটে রয়েছেন, অথচ প্লাজমা থেরাপি সহ্য করতে পারবেন।
যাদের রেসপিরেটরি রেট ৩০-এর বেশি (২০ স্বাভাবিক) এবং অক্সিজেন স্যাচুরেশন ৯০ শতাংশের কম (৯৫ থেকে ১০০ শতাংশ)স্বাভাবিক অথবা ফুসফুসে পাস জমেছে তাদেরই প্লাজমা থেরাপি করা হয়। যে সব রোগীর অবস্থা খুবই গুরুতর তাদের রাখা হয়েছে এইমস-এর ট্রমা সেন্টারে। ভ্যাকসিন এবং ওষুধের অভাবে প্লাজমা থেরাপি দিয়েই চিকিত্সা চালানোর পথে এগিয়েছেন এদেশের ডাক্তাররা। এখনও পর্যন্ত, লোক নায়ক হাসপাতালে ৬ জন রোগীর প্লাজমা থেরাপি করা হয়েছে।
















